যাত্রাবাড়ীতে লেগুনা চালকের হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সোহান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহান মুন্সী গ্রেপ্তার হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

রবিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুর পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী একটি লেগুনা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল নামের এক চালককে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, সোহান মুন্সী ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওই হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন শুক্রবার যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় অভিযান চালানো হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *