মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ও যুদ্ধের কারণে যদি বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে আসতে বাধ্য হন, তবে তাদের জন্য সরকার কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থা নিশ্চিত করবে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নূর বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—যদি যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসতে হয়, তাহলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ সবাই যদি সরকারকে সহযোগিতা করি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে উন্নয়নের দৃঢ় ভিত্তিতে দাঁড় করানো সম্ভব।”
নূর আরও যোগ করেন, “এই সরকার কারো প্রতিপক্ষ নয়—এটি সকলের সরকার। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।