রাজশাহী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীতে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহী-১ ও রাজশাহী-২ আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম পর্যায়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (রাজশাহী সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে রাজশাহী-১ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অপরদিকে রাজশাহী-২ আসনে দাখিল করা নয়টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ এবং তিনটি অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজশাহী-১ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান।
এ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক ও আল-সাআদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল এবং আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতি থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরে অসামঞ্জস্য থাকায়।
এদিকে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাইয়ে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।