মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পুলিশ ১৫ মার্চ ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৪:০৫ ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। “সি” সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম–এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন নেতৃত্বে রাত্রিকালিন চেকপোস্ট এবং বিশেষ অভিযান-৫ ডিউটির সময় পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরবাড়িরটেক এলাকার সীম গ্রুপের কোয়ার্টার সংলগ্ন পরিত্যক্ত ঝোপঝাড়ে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা পাইকারী ও খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। এই খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ফোর্স এবং স্থানীয় জনতা সেখানে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
অভিযানে ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতিতে স্থানীয় স্বাক্ষী এবং জনতা মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা প্রকাশ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
-
জুয়েল প্রধান (৪০), পিতা: আমিনউদ্দীন প্রধান
-
মেরাজ মিয়া (৩৬), পিতা: ইউনুস ফকির
-
রাসেল মিয়া (৪০), পিতা: রফিকুল ইসলাম
-
সজীব মিয়া (২৫), পিতা: আমজাদ হোসেন, লাভরাপাড়া, ইউপি-ভুলতা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ
পলাতক আরও ৪-৫ জন মাদক ব্যবসায়ীর নাম অজ্ঞাত রয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করেছে। পুলিশের এই অভিযানে স্থানীয় জনসাধারণ মাদক নির্মূলে সমর্থন জানিয়েছে।
এ অভিযান রূপগঞ্জ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।