লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আগামী ২৪ থেকে ২৬ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে পুণ্যতোয়া ব্রহ্মপুত্র নদের তীরে। এ উপলক্ষে বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক রাজঘাট ও গান্ধীঘাট এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শন শেষে স্নানোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, “প্রতিবছরই লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহযোগিতা করে থাকে। এবার জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমরা চাই উৎসব চলাকালে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারেন। সে ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

পরিদর্শনে অংশ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করি, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে লাঙ্গলবন্দ স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা দেখা দিলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমাদের দেশে সাধারণত বড় ধরনের কোনো সমস্যা হয় না। তবে বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে কখনো কখনো সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাব, যেন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “লাঙ্গলবন্দ স্নান এই অঞ্চলের বহু বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। দেশ-বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে আসেন। তাদের সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখার জন্যই আমরা আজ ঘাটগুলো পরিদর্শনে এসেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের পাশাপাশি আমাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

পরিদর্শনকালে স্নান কমিটির সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক তিলক তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও স্নান কমিটির সদস্য প্রদীপ সরকার, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, উপদেষ্টা তপন ঘোষসহ বিভিন্ন ঘাটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় রাজঘাট ও গান্ধীঘাটসহ লাঙ্গলবন্দ এলাকার গুরুত্বপূর্ণ ঘাটগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি স্নানোৎসব উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *