মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে ১৪ ডিসেম্বর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড, সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আঃ জব্বার, এনসিপি যুগ্ন সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, গণধিকার পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবি পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বরের দিনটি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ দেশের মেধাবী নাগরিকদের হত্যা করা হয়েছিল। বর্তমান প্রজন্মকে ইতিহাসের সত্য তুলে ধরার পাশাপাশি, এই শূন্যতা পূরণের জন্য সক্রিয় হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করতে হবে। তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে সৎ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।” তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধুমাত্র অতীতের বেদনাকে স্মরণ করার দিন নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের দায়বদ্ধতা নতুন করে ভাবার সময়।
ডিসি রায়হান কবির সবাইকে শিক্ষায় গুণগত উন্নয়ন, সুশাসন, নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল রাজনৈতিক দলকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একমত হন যে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু আবেগ নয়, বাস্তব কাজের প্রতিফলনও জরুরি। দেশপ্রেম, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।