কামরুল ইসলাম:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গতকাল রবিবার ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত একটি ফ্লাইট অবতরণের পর সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। আজ সোমবার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তল্লাশির সময় যাত্রীদের লাগেজ থেকে ৯১০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট, ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যসমূহ শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট তিন যাত্রী হলেন— ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ উল্যাহ এবং চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে আটক করে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, শুল্ক ফাঁকি ও অবৈধ পণ্য আমদানের বিরুদ্ধে নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।