শিবগঞ্জ থানার চৌকস অফিসার এসআই পিয়ারুলের অভিনব কৌশলে পলাতক আসামি গ্রেফতার

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি শাহ আলম (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন।

রবিবার (১৫ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটের সময় শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতির আগাম তথ্য পেয়ে সে সহজেই পালিয়ে যেত।

এই পরিস্থিতিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের দিকনির্দেশনায় এসআই মোঃ পিয়ারুল ইসলাম (পিপিএম) ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি লুঙ্গি, গামছা ও ছেড়া গেঞ্জি পরে কৃষকের চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্যরা ছেড়া প্যান্ট-গেঞ্জি পরে সিভিল পোশাকে কামলা সেজে বাইসাইকেলে আমবাগানে গাছে কীটনাশক দেওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করেন।

আমবাগানে ঢোকার পর দেখা যায়, শাহ আলম বাগানে কীটনাশক দিচ্ছিল। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসআই পিয়ারুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে শাহ আলমকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত সুচতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে।”

তিনি আরও বলেন, “অবশেষে ছদ্মবেশে কৃষক সেজে অভিযান চালিয়ে সুকৌশলে তাকে সফলভাবে আটক করতে সক্ষম হয়েছি।”

এসআই পিয়ারুল জানান, শাহ আলম মাদক মামলার ৪টি জিআর ওয়ারেন্ট ও ১টি জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, “আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।”

গ্রেপ্তারকৃত শাহ আলম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের শফিকুল আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের পর থানা হাজতে রাখা হয়েছে। যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *