শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মেহেদি হাসান: 

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রীপুর থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাণের বাংলাদেশ–এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা ও উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

মানববন্ধনে শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সাংবাদিক সুজন মন্ডলের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। কিন্তু হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। এই সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই। মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে—তার নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহাগ প্রধান বলেন, সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। আমরা সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সম্পাদক বলেন, প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। মামলায় বলা হয় সাংবাদিক সুজন মন্ডল লাঠি নিয়ে মারধর করতে যান, কিন্তু সুজন মন্ডল দুই বছর আগে এক্সিডেন্টে একটি পা কেটে ফেলেছেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *