শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি

মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে দিনভর চলে নানা আয়োজন। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ১ হাজার ৬২ জন কৃতি শিক্ষার্থী। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।

জানা যায়, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় জ্ঞানের আলো ছড়াতে থাকে। পরবর্তীতে বিদ্যালয়টি পাইলট বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। ২০১৮ সালে বিদ্যালয়টি শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। দীর্ঘ পথচলায় বিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা জীবন শেষে উচ্চশিক্ষা লাভ করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত। প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোগী হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক সেলিম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবুল কাশেম মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ১ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *