মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সচিবালয়ে যোগদানের মধ্য দিয়ে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে যোগদানপত্র জমা দেন। এর মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
এর আগে, গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিটি করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপীকে বলেন, “দল আমাকে এই দায়িত্ব দিয়েছে। এতে আমি গর্বিত। এখন জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।” তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি আরও জানান, আগামীকাল ২৫-০২-২০২৬, বুধবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
উল্লেখ্য, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।