সাতকানিয়ায় মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতার

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মঞ্জুরুল হক-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ ৮ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ ফয়সাল (৩৫), পিতা—দিল মোহাম্মদ, স্থায়ী ঠিকানা—১৫ নং ছদাহা ইউনিয়নের হরিণতোয়া, ০১ নং ওয়ার্ড, সাতকানিয়া থানাধীন, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে ১০ নং কেঁউচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন-এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, চোরাইকৃত বাইকের মালিক আমার পরিচিত মোঃ জাবেদ, পিতা—উবায়দুল হক, যিনি কেঁউচিয়া মাদার বাড়ি, ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

তিনি আরও জানান, তিন দিন পূর্বে বাইকটি চুরি হলে থানায় মামলা রুজু করার পরপরই সাতকানিয়া থানার সহযোগিতায় বাইকটি উদ্ধার করা হয় এবং জাবেদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

মহসিন আরও বলেন, বাইক চোর দীর্ঘদিন ধরে ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকায় বসবাস করে আসছে এবং তাদের আরও অনেক গ্রুপ রয়েছে, যার কারণে প্রতিনিয়ত ওই গ্রুপের লোকজন বাইক চুরি করে অন্যত্র নিয়ে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, হরিণতোয়া এলাকার মতো সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চোরচক্রের সদস্যরা। প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করলে আশা করছি চোরচক্রের সদস্যরা ধরা পড়বে, নতুবা এলাকা ছাড়তে বাধ্য হবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *