সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের পূর্ণতা আসে হাতের মেহেদির রঙে। তবে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের কাছে মেহেদি লাগানো অনেকটা বিলাসিতার মতো। সেই সব শিশুদের ঈদের খুশিতে রাঙাতে ব্যতিক্রমী এক ‘মেহেদি উৎসব’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা।

১৮ মার্চ সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেট প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ছোট ছোট শিশুদের প্রাণবন্ত হাতগুলোতে নিপুণ কারুকাজে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।

আয়োজকরা জানান, যে শিশুরা শৈশব থেকেই জীবনসংগ্রামে ব্যস্ত, তাদের কাছে হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদযাপন করা একটি স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই সাতক্ষীরা বন্ধুসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

মেহেদি উৎসবে শিশুদের হাতে নকশা এঁকে দেন সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার এবং সদস্য তাসনিহা নীলাশা জুঁইসহ অন্যান্য বন্ধুরা।

মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব এবং সদস্য ইরফান ফাত্তাহসহ অন্যান্য বন্ধুরা।

বন্ধুসভার বন্ধুরা বলেন, “ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়, যখন শিশুদের মুখে হাসি দেখি। এই রঙিন হাতগুলোই আমাদের সার্থকতা। আগামীতেও আমরা এ ধরনের সামাজিক ও মানবিক কাজে পাশে থাকতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *