মোঃ সোলাইমান:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার গহীন জঙ্গল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন ও আকাশমণি কাঠ জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাটহাজারী রেঞ্জের কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। অভিযান শেষে পাঁচটি জিপ গাড়িতে করে কাঠগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার গহীন জঙ্গলে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে মূল্যবান গাছ কেটে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে সেগুন ও আকাশমণি প্রজাতির এসব কাঠ জব্দ করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “বনের গাছ রক্ষায় আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, কয়েক দিন আগেও একই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, বনজ সম্পদ লুটে নেওয়ার সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে গাছ কাটা, কাঠ সংগ্রহ ও পাচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ (Forest Act, 1927) এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আইনের আওতায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অনুমতি ছাড়া গাছ কাটা, কাঠ সংগ্রহ বা পরিবহন দণ্ডনীয় অপরাধ।
বন বিভাগ আরও জানায়, বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।