মোঃআনজার শাহ :
কুমিল্লার বরুড়ায় শীতপ্রবাহে বিপর্যস্ত মানুষের মুখে স্বস্তি ফিরিয়ে দিতে এক মানবিক আয়োজন অনুষ্ঠিত হলো। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। রোববার, ৭ ডিসেম্বর ২০২৫ বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার, আইএসইউর জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, সিএসই বিভাগের শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান অনিক, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো. ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, সাখাওয়াত অভি, সাবেক সহসভাপতি হুমায়ুন কবির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ সংগঠনের আরও অনেক সদস্য। বরুড়া উপজেলা সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, মানবিকতারও প্রকৃষ্ট প্রকাশ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্ট সমাজকল্যাণমূলক কাজে যে নীরব বিপ্লব তৈরি করেছে, এই কর্মসূচি তারই প্রতিফলন। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করে যাচ্ছেন, এ উদ্যোগ তার মানবিক উৎকর্ষকে আরও দৃঢ় করে।
দিনব্যাপী বরুড়া পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৫ হাজার পিস কম্বল, মোজা, সোয়েটারসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কাঁপতে থাকা মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাতে এই আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।