স্বাধীন সংবাদ খেলা:
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি শেষ কিছু দিনে দারুণ ফর্মে থাকছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি করেছেন দুটি সেঞ্চুরি, যা তাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রে তুলে এনেছে। এই অসাধারণ পারফরম্যান্সের পর আইসিসি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটের নতুন র্যাঙ্কিংয়ে কোহলিকে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রেখেছে।
কোহলি শেষবার শীর্ষ স্থানে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। এরপর পাকিস্তানের ব্যাটার বাবর আজম তাকে টপকে প্রথম স্থানে ওঠেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কোহলির ৩০২ রানের দুর্দান্ত অবদান তাকে শীর্ষে ফেরার দৌড়ে নাম লিখিয়েছে। সিরিজের শেষ ম্যাচে তিনি অপরাজিত ৬৫ রান করেন এবং পুরো সিরিজে নিজের সেরার খেতাব ধরে রাখেন। নতুন র্যাঙ্কিংয়ে তিনি সতীর্থ রোহিত শর্মার ঠিক পেছনে অবস্থান করছেন। রোহিত সিরিজে ১৪৬ রান করে এক নম্বর স্থানে রয়েছেন। কোহলি এখন রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পিছিয়ে।
ভারতের পরবর্তী ওডিআই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেট ভক্তরা এখন কেবল কোহলি-রোহিত দ্বৈরথের দিকে নজর রাখছেন, কারণ দুইজনই শীর্ষস্থান ধরে রাখতে বা দখল করতে লড়াই করবেন।
কোহলির মতো আরও কয়েকজন ভারতীয় খেলোয়াড়ও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। লোকেশ রাহুল দুই ধাপ এগিয়ে ১২তম হয়েছেন। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ওডিআই বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক তিন ধাপ এগিয়ে ১৩তম, এইডেন মার্করাম চার ধাপ এগিয়ে ২৫তম এবং টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল দুই ধাপ এগিয়ে ১৩তম, আর্শদীপ সিং তিন ধাপ এগিয়ে ২০তম এবং জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে ২৫তম স্থানে পৌঁছেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক টানা দুই ম্যাচে সেরার পারফরম্যান্সের পর তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড়ও টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি পেয়েছেন।