নাছিমা খাতুন সুলতানা :
নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ (রোববার) সকাল প্রায় ১০টার দিকে গালাগালি ও হুমকি-ধামকির ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলামের স্ত্রী আলেহা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনায় একটি মামলা দায়ের করেন। মামলায় টিটুসহ সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি জানাজানি হলে গ্রামে ব্যাপক আলোচনা শুরু হয়। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা তথ্য সংগ্রহে সরেজমিনে এলাকায় যান। এ সময় এলাকাবাসীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
কয়েকজন গ্রামবাসী দাবি করেন, উল্লিখিত তারিখে এ ধরনের কোনো উল্লেখযোগ্য ঘটনা তারা শোনেননি। তাদের ভাষ্য, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে আসামিদের হয়রানি করা হচ্ছে। কেউ কেউ আরও অভিযোগ করেন, মামলার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হতে পারে।
তবে এ বিষয়ে মামলার বাদী আলেহা বা অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।