আটপাড়া-কেন্দুয়া আসনে ধানের শীষের প্রার্থীর জনসভা

নাছিমা খাতুন সুলতানা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া-কেন্দুয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতী মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তেলিগাতী মাঠে এ জনসভায় অংশ নেন।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে সমবেত হন। এতে জনসভা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “এই নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।” তিনি কেন্দ্রীয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা হবে।

বক্তারা তাদের বক্তব্যে দলীয় ঐক্য বজায় রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

জনসভা শেষে প্রার্থী ড. হিলালী উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আটপাড়া-কেন্দুয়া আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও নিয়মিত গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। ফলে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *