মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা গ্রামে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যায় এক অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোচালক জানান, রোববার সন্ধ্যার দিকে দুপতারা এলাকায় পৌঁছালে দুই যুবক তাকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে সঙ্গে থাকা সব টাকা লুটে নেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতদের একজনের হাতে থাকা পিস্তলটি কৌশলে পানিতে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
পরে উত্তেজিত জনতা দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপতারা বাজার হাজীবাড়ি এলাকার শফিকুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক দুজনের নাম রাব্বি ও সাব্বির। তারা সম্পর্কে আপন দুই ভাই। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার রাজারকান্দা (কান্দা) গ্রামে। তারা জাহাঙ্গীরের ছেলে বলে জানা গেছে।
এদিকে, স্থানীয়দের সহায়তায় পানিতে ফেলে দেওয়া পিস্তলটিও পরে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।