মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পরিবারের তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহত ছেলেদের খবর শুনে শোকে তাদের বৃদ্ধ পিতা আছমত আলী (৮০) মারা গেছেন বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের সদস্য খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর তিন ছেলে খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, ছেলেদের গুরুতর আহত হওয়ার খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “পারিবারিক বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের তিন ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও জানান, “আহত ছেলেদের খবর শুনে বৃদ্ধ পিতার মৃত্যুর বিষয়টি শোনা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।