আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৩ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও বিদেশি পিস্তল উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, থানাধীন মাহমুদপুর ইউনিয়ন-এর যোগারদিয়া এলাকায় পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০)-এর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

সংবাদ পাওয়ার পর কিলো-৬ দিবা ডিউটি পার্টির এসআই (নিঃ) আনোয়ার পারভেজ ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। অভিযানের সময় পুলিশ সদস্যরা শফিকুলের বাড়ি ঘিরে ফেললে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যান।

পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় আড়াইহাজার থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *