আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীর জন্য মেলা স্টলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি ফিতা কেটে মেলার স্টল উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎপাদিত পণ্যের বিষয়ে খোঁজখবর নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাচনী সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন, জেলা আনসার কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিকারুন্নেসা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরাসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দেশের নারী উদ্যোক্তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। তাদের উন্নয়নে সরকারি পর্যায় থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের ছোট করে না দেখে তাদের সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। এ সময় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য সামনে রেখে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *