রাজধানীর শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, সংবাদটিতে শুধু তার বিরুদ্ধে মিথ্যা তথ্যই প্রকাশ করা হয়নি, অপ্রাসঙ্গিকভাবে তার সন্তানের ছবিও ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে ওসি এম এ রউফ খান বলেন, শ্যামপুর থানায় যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় তার বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাস্যকর বলে উড়িয়ে দেন। তবে তার মতে, ব্যক্তিগতভাবে তাকে আঘাত না করলেও সন্তানের ছবি প্রকাশ করা অনৈতিক ও অগ্রহণযোগ্য।
ওসি আরও জানান, যারা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি একটি চুরির ঘটনার উদাহরণ টেনে বলেন, চোরাই মাল যার কাছেই পাওয়া যাবে, আইন অনুযায়ী তাকেও আসামি করা হয়—এ ক্ষেত্রে আইনের প্রয়োগ সবার জন্য সমান।
এদিকে, শ্যামপুর থানার পাশের বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সড়কে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড ও চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এসব অনিয়মের অবসান ঘটবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পুলিশ বাহিনীতে অনেক মানবিক কর্মকর্তা রয়েছেন, যারা সাধারণ মানুষের জন্য উন্মুক্তভাবে কাজ করছেন। তবুও কিছু সদস্য পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।