কামরুল ইসলাম:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে আলাউদ্দিন বাতছুর নাম লোকমুখে শোনা যাচ্ছে। তিনি আমিরাবাদ ইউনিয়নের প্রিয় সন্তান, তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও এলাকায় তার সুনাম রয়েছে। তিনি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সদস্য সচিব ছিলেন।
স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় আলাউদ্দিন বাতছুর নামও বেশ জোরালোভাবে উঠে আসছে। সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
এ বিষয়ে আলাউদ্দিন বাতছুর সঙ্গে কথা হলে তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে আগামী নির্বাচনে অবশ্যই তৃতীয় বারের মতো মেম্বার পদে নির্বাচন করব, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, এর আগে তিনি দুইবার নির্বাচন করেছেন। তার দাবি, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলেও সে সময়কার সরকারের প্রভাব ও ভোট কারচুপির কারণে তিনি বিজয়ী হতে পারেননি।
তিনি জানান, বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের সুবাদে আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় নিয়মিত যাওয়ার সুযোগ হয়েছে। জনপ্রতিনিধি না হয়েও তিনি বিভিন্ন বিচার-সালিসি কার্যক্রম সম্পন্ন করেছেন এবং নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বাতছু বলেন, “২ নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা নিয়েই এতদিন কাজ করেছি। এলাকাবাসী ও তৃণমূল নেতাকর্মীরা চান আমি আবার নির্বাচন করি। তাদের আগ্রহ ও সমর্থন থাকলে অবশ্যই নির্বাচন করব। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাব।”
তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে, যা নির্বাচনী আমেজ তৈরি করেছে।