স্বাধীন বিনোদন ডেস্ক:
চরিত্রের প্রয়োজনে নিজের চেহারায় আমূল পরিবর্তন আনা সিনেমার ইতিহাসে নতুন কিছু নয়। কখনো চুল ছোট করা, কখনো ওজন কমানো বা বাড়ানো, আবার কখনো পুরোপুরি ন্যাড়া হয়ে যাওয়া—এ ধরনের রূপান্তর অনেক সময় চরিত্রের আবেগ ও বাস্তবতাকে আরও গভীরভাবে তুলে ধরে। আন্তর্জাতিক সিনেমায় এমন নজির বহুবার দেখা গেলেও বাংলাদেশের সিনেমায় অনস্ক্রিন ন্যাড়া হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। সেই বিরলতার তালিকায় নতুন এক সংযোজন করলেন অভিনেতা আরিফিন শুভ।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নূর’ সিনেমায় মাত্র আট মিনিটের একটি দৃশ্যের জন্য অনস্ক্রিন চুল কেটে পুরোপুরি ন্যাড়া হয়েছেন তিনি। এই দৃশ্যটি সিনেমার গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, যেখানে চরিত্রটির মানসিক ভাঙন, আত্মসমর্পণ ও ভেতরের দ্বন্দ্ব একসঙ্গে প্রকাশ পায়। নির্মাতাদের মতে, এই দৃশ্য ছাড়া চরিত্রটির গভীরতা পুরোপুরি ফুটে উঠত না।
দেশীয় সিনেমায় এর আগেও টাক বা ন্যাড়া লুকে কিছু অভিনেতাকে দেখা গেছে। চিত্রনায়ক মান্না ‘ম্যাশিনম্যান’ সিনেমায় টাক চরিত্রে অভিনয় করেছিলেন। সাম্প্রতিক সময়ে চঞ্চল চৌধুরীকেও টাক শেডে দেখা গেলেও তা ছিল ভিন্ন প্রেক্ষাপটে। শাকিব খান অভিনয় করেছেন ছোট চুলে, তবে অনস্ক্রিন চুল কেটে ন্যাড়া হয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্ত এবারই প্রথম বড় পরিসরে আলোচনায় এলো।
এর আগেও চরিত্রের প্রয়োজনে শারীরিক প্রস্তুতির নজির রেখেছেন আরিফিন শুভ। দর্শক তাকে প্রথম দেখেছেন সিক্স প্যাক শরীরধারণে। তবে ‘নূর’ সিনেমায় তার প্রস্তুতি শুধু শারীরিক নয়, আবেগের দিক থেকেও ছিল গভীর।
১৪ ডিসেম্বর সন্ধ্যায় আরিফিন শুভ প্রকাশ করেন ওই দৃশ্যের প্রায় তিন মিনিটের পর্দার পেছনের ভিডিও। সেখানে দেখা যায়, এই সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়। বরং চরিত্রের আবেগ ও বাস্তবতা ঠিকভাবে ধরতেই তিনি নিজেই এই পথ বেছে নেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘মাত্র ৮ মিনিটের দৃশ্যে ন্যাড়া মাথায় নূর। এই ছোট্ট চেষ্টার জন্য দর্শকদের ভালোবাসা আমাকে আবার নতুন কিছু করার সাহস দিচ্ছে।’
সিনেমাটির পরিচালক রায়হান রাফি শুরুতে এই সিদ্ধান্তে দ্বিধায় ছিলেন। কারণ এতে অভিনেতাকে দীর্ঘ সময় ন্যাড়া মাথায় থাকতে হতে পারে, যা ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তবুও চরিত্রের সত্যতা ধরে রাখতে আরিফিন শুভ নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার ছোট এই ত্যাগ যদি কোনো একজন দর্শকের হৃদয়ে নাড়া দেয়, সেটাই একজন শিল্পী হিসেবে আমার সার্থকতা।’ রায়হান রাফির পরিচালনায় ‘নূর’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অদ্ভুত, টানটান ও যন্ত্রণাময় প্রেমের গল্প নিয়ে সিনেমাটি ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পেয়েছে।