ঈশ্বরগঞ্জের ধানক্ষেতে মিলল সদ্যজাত নবজাতক কন্যা শিশু

মোঃ মানিক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে সদ্যজাত পরিত্যক্ত এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে খৈরাটি এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে খৈরাটি এলাকায় এক ব্যক্তি নিকটস্থ একটি দোকানে এসে জানান যে রাস্তার পাশের ধানক্ষেত থেকে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছে। খবরটি শোনার পর অটোরিকশা চালক মো. আব্দুল হালিম (২৫) দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি ধানক্ষেতের মধ্যে সদ্যজাত এক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রী মজিদা খাতুনের হাতে তুলে দেন।

ঘটনার পরপরই আব্দুল হালিম বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, শিশুটির শরীরে রক্তমাখা দাগ ছিল। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত এ নবজাতকটি জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ফেলে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রাথমিকভাবে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন।

এদিকে অটোরিকশা চালক আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন শিশুটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন। মানবিক কারণে তারা শিশুটিকে নিজেদের কাছে রেখে বড় করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়ার ইচ্ছা জানিয়েছেন।

আব্দুল হালিম বলেন, “ধানক্ষেতে শিশুটির কান্না শুনে আমি আর বসে থাকতে পারিনি। আমার স্ত্রীও শিশুটিকে খুব আদর করছে। আমরা চাই মেয়েটি আমাদের ঘরেই বড় হোক।”

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শিশুটির আইনি অভিভাবকত্ব ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে শিশুটি ওই দম্পতির তত্ত্বাবধানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *