মোঃ মানিক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আবুল কালাম (৬৫), তিনি একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মোহাম্মাদ কাশেম (৫৫) নিহতের ফুফাতো ভাই এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবুল কালাম ও কাশেমের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যার পর সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় কাশেম হঠাৎ আবুল কালামের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেম পলাতক রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।