মোঃ মানিক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার রবিউল হাসান ও সাজমনি আক্তার।
র্যাব জানায়, রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ থানার সাধুগোলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় শ্যামল ছায়া নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অবৈধ মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করেন।
পরে রবিউল হাসানের দেওয়া তথ্যে বাসের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সাজমনি আক্তারের দেহ তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।