স্টাফ রিপোর্টার:
রমাদানে ক্ষুধার্ত অনাহারি ও ভ্রাম্যমাণ রোজদারদের জন্য কিশোর ও তরুণদের সমন্বিত প্রয়াসে সম্প্রীতি ও সৌহার্দ্য সংগঠন এর উদ্যোগে মাসব্যাপী নিয়মিত ইফতার আপ্যায়ন সেবা চলছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন সময় হতে এই সংগঠন “বিনামূল্যে অক্সিজেন সরবরাহের পাশাপাশি প্রতিদিন নিয়মিত সেবা দিয়ে আসছে। এবারও অন্যান্য স্থানীয় সংগঠনগুলোর সহায়ক শক্তি হিসেবে ৪০ জন স্বেচ্ছাসেবক প্রাণ একত্রিত হয়ে সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

রাজধানীর সবুজবাগ থানার আওতাধীন উত্তর বাসাবো বউবাজার মোড় প্রাঙ্গণে এই আয়োজন করোনাকালীন সময় থেকে ধারাবাহিকভাবে চলমান রয়েছে, যা বছরব্যাপী সামাজিক ও অন্যান্য দেশাত্বক এবং রাষ্ট্রীয় কাজের পাশাপাশি দুই যুগের বেশি সময় ধরে নানান কার্যক্রম পরিচালিত করছে।
এই ইফতার আপ্যায়ন সেবায় ক্ষুধার্ত, অনাহারি ও ভ্রাম্যমান রোজদারদের জন্য নিয়মিত ১০০ জনের এবং শুক্রবারে ৩০০ থেকে ৪৫০ জনের জন্য ইফতার আয়োজন করা হয়।

এছাড়াও এলাকার সাধারণ মানুষও বিভিন্নভাবে আর্থিক সহযোগিতায় অংশ নেন, যাতে আরও বেশি সংখ্যক রোজাদার সেবার সুযোগ পান।
এই সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক ও শ্রম সহযোগিতায় অংশ নিয়েছে সম্প্রীতি ও সৌহার্দ্য মুক্ত ইস্কাউট দল, রেডক্রিসেন্ট ইউনিট, বাসাবো ইউথ সোসাইটি, সবুজবাগ ইউথ ফোর্স, বাসাবো ইউথ ক্লাব, হেরাল্ড ওপেন স্কাউট টীম, গোল্ডেন টাই মুক্তি স্কাউট দল এবং উই ফর আস বাংলাদেশ সহ এলাকার অন্যান্য সংগঠনের কিশোর তরুন শিক্ষার্থীরা।
স্বেচ্ছাসেবকরা জানান, সহযোগিতা, সহমর্মিতা, সৃজনশীলতা, সক্ষমতা ও সহনশীলতাই আমাদের প্রত্যয়।

স্বেচ্ছাসেবকরা আশা প্রকাশ করেছেন যে, এই মাসব্যাপী ইফতার আপ্যায়ন সেবা মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। তারা আরও জানান, স্থানীয়দের অংশগ্রহণ ও সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও শক্তিশালী হবে এবং পরবর্তী বছরগুলোতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভাষ্যমতে, এভাবে কিশোর ও তরুণরা তাদের উদ্যম, স্বেচ্ছাসেবক মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা প্রকাশের মাধ্যমে ইসলামী কমিউনিটি ও মানবিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।