মোহাম্মদ হোসেন সুমন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। জেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সরকারি ফলাফলে দেখা যায়, প্রতিটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরাজিত করে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে থাকেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৭৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ মোট ২,২২,০১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ১,২৯,৭২৭ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ ১,২৫,৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অর্জন করেন ৯১,৮৮৯ ভোট।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল ১,৮২,০৯৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী পান ১,৬১,৮২৭ ভোট।
অপরদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ১,২৩,৫৮২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ১,২২,০৩৩ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের ভূমিকা প্রশংসিত হয়েছে।