কক্সবাজারে গ্যাস পাম্প অগ্নিকাণ্ড ও সম্পদ নিয়ে বিতর্ক: এইচ এম নুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজার এর কলাতলী রেস্ট হাউস সংলগ্ন এলাকার একটি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পাম্পটির মালিক এইচ এম নুরুল আলম (এন আলম)-কে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি চকরিয়া, রামু ও কক্সবাজার সদরে একাধিক গ্যাস পাম্পের মালিক এবং রাজনৈতিকভাবে পরিচিত একজন নেতা।

অভিযোগ রয়েছে, এইচ এম নুরুল আলমের বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মে জড়িত থাকার বিষয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় মহলে আলোচিত হয়ে আসছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে কলাতলী এলাকায় তার মালিকানাধীন বলে পরিচিত গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন গুরুতর দগ্ধ হন এবং বেশ কয়েকটি যানবাহন ও বসতঘর পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি, ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং সম্পদের উৎস অনুসন্ধানের দাবিও জানানো হয়েছে জনসচেতন মহলের পক্ষ থেকে।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে যে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র মতে, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের বক্তব্য, গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের মতো গুরুতর ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কঠোর তদারকি জোরদার করা সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *