কক্সবাজারে টমটম চালকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা: লাইসেন্স প্রদান, নবায়ন ও জীবিকার নিরাপত্তার দাবি

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারে প্রকৃত টমটম গাড়ির মালিক ও চালকদের লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির উদ্যোগে শহরের কক্সবাজার পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে টমটম চালক ও মালিকরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির সভাপতি আমানুল হক আমান। সভায় বক্তারা বলেন, কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে অনেক প্রকৃত টমটম চালক ও মালিক লাইসেন্স সংক্রান্ত নানা জটিলতার কারণে বৈধভাবে যানবাহন চালাতে পারছেন না। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, প্রকৃত চালক ও মালিকদের বাদ দিয়ে অনেক ক্ষেত্রে অবৈধভাবে অন্যরা সুবিধা নিচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত, তারা নানা ধরনের হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সভায় বক্তারা কক্সবাজার পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রকৃত টমটম চালক ও মালিকদের সঠিক তালিকা প্রণয়ন করে লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি টমটম চালকদের জীবিকা রক্ষায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং হয়রানি বন্ধের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, টমটম চালনা কক্সবাজার শহরের অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। তাই এ পেশার সঙ্গে জড়িত মানুষদের স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় টমটম চালক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় টমটম চালক ও মালিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *