মোহাম্মদ হোসেন সুমন:
পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারী ও ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমি উদ্দিন।
অভিযানকালে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।
একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়। তারা হলেন—রেহেনা আক্তার, কবির আহমদ, আবু বক্কর সিদ্দিক (৩৮), মোঃ আলম (২৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।