মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার সদর মডেল থানা-এর উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি (লং গান) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ-এর পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর থানাধীন চৌফলদণ্ডি এলাকায় একটি অস্ত্রের চালান পৌঁছাতে পারে। তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চৌফলদণ্ডি ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় অবস্থান নেয়।
দুপুর আনুমানিক ৩টা ২৫ মিনিটে মহেশখালী ১নং ঘাট থেকে আসা একটি ড্রামবোটের যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় ২টি দেশীয় তৈরি এলজি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি উখিয়া উপজেলা-র বাসিন্দা বলে জানা গেছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।