মোহাম্মদ হোসেন সুমন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারের কলাতলী এলপিজি গ্যাস স্টেশনে গ্যাস বিস্ফোরণজনিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত সিএনজি চালক আবু তাহেরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।
দুর্ঘটনার পরপরই সংসদ সদস্য কাজল নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি।
মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংসদ সদস্য কাজল নিহত আবু তাহেরের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকা সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি কলাতলী এলাকায় এলপিজি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সিএনজি চালক আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।