কলাপাড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী–মহিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন দাখিলকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার হাতে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার।
এর আগে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
এসময় তিনি নেতাকর্মীদের সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে গণসংযোগ জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক। জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করতে হলে কোনো বিভ্রান্তি বা বিভাজনের সুযোগ দেওয়া যাবে না।’
অনুষ্ঠানে উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *