মোহাম্মদ হোসেন হ্যাপী:
সামাজিক, মানবিক ও সৃজনশীল সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার, নারায়ণগঞ্জ এবং সংগঠনের মুখপাত্র সাহিত্য সাময়িকী কাব্যছন্দ–এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক এবং শিশু-কিশোর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র মাহে রমজান–এর তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে। একই সঙ্গে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ জন নারীকে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে শিশুতোষ ছড়া ও গল্পের বইসহ বিভিন্ন গল্প, কবিতা ও প্রবন্ধের বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু–র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন এবং কোষাধ্যক্ষ শিপন জোমাদ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি আল আশরাফ বিন্দু, কবি মোঃ আব্দুল রহমান, কবি ইয়াদী মাহমুদ, ৪২টি জোটভুক্ত সংগঠনের প্রধান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সেন্ট্রাল জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মনিরুজ্জামান, আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, ডা. নেছার আহমেদ তমাল, কবি আদিত্য রুপু, কবি ফরিদুল মাইয়ান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, কবি কাজী আনিসুল হক হীরা, কবি মাসুদ রানা লাল, কবি রাজ লক্ষীসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাস মানুষকে হিংসা, বিদ্বেষ ও লোভ থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের পথ প্রশস্ত করে। একই সঙ্গে তারা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অনন্য মাইলফলক। এ দিনটির চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপস্থিত ১০ জন নারীকে তাদের কর্মজীবনের সাফল্য ও সমাজে অবদানের স্বীকৃতি হিসেবে কাব্যছন্দের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, নারীদের অনুপ্রেরণা জোগাতে এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিশু-কিশোরদের হাতে শিশুতোষ সাহিত্যসহ বিভিন্ন শিক্ষামূলক বই তুলে দেওয়া হয়, যাতে তাদের মধ্যে সুস্থ চিন্তা ও পাঠাভ্যাসের বিকাশ ঘটে।
পরিশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে যারা চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও কাব্যছন্দ সাহিত্য সাময়িকীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, এনামুল হক প্রিন্স, অ্যাডভোকেট শারমিন আক্তার রেখা, জহিরুল ইসলাম মিন্টু, মাকসুদা ইয়াসমিন, ঝুমি, রিয়া খান, আফরোজা, অর্ক, কারজানা আক্তার মনি, বুবলী আক্তার, সুবলী আক্তার, পিয়াসা, অমি, লাবণ্য, সাজ্জাদ হোসেন মীর্জা, উজ্জ্বলসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।