সিরাজুল ইসলাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিএনপি মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে জেলার বাস্তব চিত্র দেশ-বিদেশে তুলে ধরা সম্ভব। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার বিষয়ে জেলা বিএনপি সচেষ্ট থাকবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কুড়িগ্রামকে একটি উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে তিনি আগ্রহী। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটর, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুস আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের মিডিয়া উইংস বিষয়ক সম্পাদক সাংবাদিক আশির্বাদ রহমান এবং জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।