মোঃ আনজার শাহ:
কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটল কুমিল্লার বরুড়া উপজেলায়। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিতরণকৃত কৃষি উপকরণের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।
গত সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক বিনামূল্যে উন্নত জাতের আউশ বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার পাবেন।