কেন্দুয়ায় কৃষকের ফলজ গাছ কেটে দেওয়ার অভিযোগ, থানায় মামলা প্রস্তুতি

নাছিমা খাতুন সুলতানা:


নেত্রকোনা জেলা-এর কেন্দুয়া উপজেলায় এক কৃষকের বাড়ির সীমানায় থাকা ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশুজিয়া ইউনিয়ন-এর ভূগিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে কৃষক মো. স্বপন মিয়া (৫৫)-এর সঙ্গে একই গ্রামের মৃত ফরজ উদ্দিনের ছেলে মো. অসীম (৫০)-এর পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৩ ডিসেম্বর, রোববার দুপুর প্রায় ২টার দিকে বাড়ির সীমানায় থাকা স্বপন মিয়ার ১০-১২টি ফলজ গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ ওঠে অসীম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার দাবি করে, ঘটনাকালে স্বপন মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী বাধা দিলে তাকে টানা-হেঁচড়া ও মারধর করা হয়। পরে স্বপন মিয়া খবর পেয়ে বাড়িতে এলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। প্রাণনাশের আশঙ্কায় স্বপনের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন।

এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্বপন মিয়া। তিনি বলেন, “আমার সীমানার ভেতরে থাকা ফলজ গাছগুলো পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

ঘটনাটি নিয়ে পুরো গ্রামে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত বিরোধের জেরে কারও গাছ কেটে দেওয়া ঠিক হয়নি। আমরা চাই প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার। তারা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্ত অসীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *