কেন্দুয়ায় নির্বাচনী প্রতিহিংসার জেরে যুবককে কুপিয়ে গুরুতর জখম, থানায় মামলা দায়ের

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামে নির্বাচনী প্রতিহিংসাকে কেন্দ্র করে মোঃ সাগর মিয়া (সুহেল) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুহেল আশুজিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোঃ বজলু মিয়া তার লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় সুহেলের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত ব্যক্তির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহতের চাচা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আক্কাছ মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় মোঃ বজলু মিয়াসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ভূট মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। মামলার বাদী ও তার পরিবারবর্গ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *