ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন হামাদ’র সঙ্গে রাষ্ট্রদূত তারেক আহমেদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আরফাতুল ইসলাম, ইউএই:

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা রাজ্যের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকির সঙ্গে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ফুজাইরা শেখ প্যালেসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লক্ষ বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক উন্নয়নেও সমানভাবে অবদান রেখে চলেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা খোলার ক্ষেত্রে ফুজাইরার ক্রাউন প্রিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ক্রাউন প্রিন্সের তত্ত্বাবধানে ফুজাইরার অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক মেলবন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে ফুজাইরা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের অনুরোধ জানান। এছাড়াও তিনি ফুজাইরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

এর পাশাপাশি ফুজাইরাস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের জন্য একটি স্থায়ী ভবন অথবা জমি বরাদ্দের অনুরোধ করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু এবং কমার্শিয়াল কাউন্সেলর আশিস কুমার।

এছাড়াও ২২ জানুয়ারি ২০২৬ রাষ্ট্রদূত তারেক আহমেদ ফুজাইরাস্থ ন্যাচারাল রিসোর্সেস করপোরেশন (FNCR)-এর মহাপরিচালক আলি কাসেমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কর্মপদ্ধতি নিয়ে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *