নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে মদ, জুয়া, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধ থামছেই না। প্রতিদিনই ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘ ১৭ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নানা নিপীড়ন সহ্য করে কোনোমতে জীবনযাপন করছিল সাধারণ মানুষ। ক্ষমতার পটপরিবর্তনের পর মানুষ আশা করেছিল—এবার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।
রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিলে প্রকাশ্যে জুয়া বাণিজ্য চলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর সাঈদের ঘনিষ্ঠ লোকজন এখনো এলাকায় দাপটের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের কাউন্সিলর সাঈদের ডান হাত হিসেবে পরিচিত হিরণ বর্তমানে মতিঝিল এলাকায় জুয়া বাণিজ্য পরিচালনা করছেন। বিস্ময়কর বিষয় হলো—এই জুয়ার আসর পরিচালিত হচ্ছে মতিঝিল থানার একেবারে কাছেই, ঐতিহ্যবাহী আরামবাগ ক্লাব এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও বাসিন্দা জানান, জুয়া কেন্দ্রিক মাদক সেবন, মারামারি ও চাঁদাবাজির ঘটনাও বেড়ে গেছে, যা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।
এলাকাবাসীর প্রশ্ন—যদি থানার এত কাছেই প্রকাশ্যে জুয়া বাণিজ্য চলে, তবে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
এ বিষয়ে মতিঝিল থানার দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা। তারা অবিলম্বে জুয়া বাণিজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।