খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

স্বাধীন সংবাদ খেলা:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে যান।

হাসপাতাল থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম ইকবাল অনুরোধ করেছেন, খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হোক। তিনি বলেন, “খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।”

এর আগে গত ২৯ নভেম্বর একটি ফেসবুক পোস্টেও তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন। তামিম লিখেছিলেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের বিভিন্ন মহল উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলোর নেতারা বারবার তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক ক্রিকেটার তামিমের মানবিক বার্তায় এ মুহূর্তে বিশেষভাবে আলোচিত হচ্ছে, যাতে অসুস্থতা কেবল মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, রাজনৈতিক উদ্দেশ্য নয়।

এভরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নজর রাখছে দেশের চিকিৎসা কমিউনিটি ও সাধারণ জনগণ। সবাই দ্রুত সুস্থতার জন্য দোয়া করছে এবং আশা প্রকাশ করছে, তিনি শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *