স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্বাভাবিক অসুস্থতা নয়, বরং একটি ‘অস্বাভাবিক পরিস্থিতির ফল’—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তারই শিকার হয়ে আজ খালেদা জিয়া এ অবস্থায় রয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫–এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে তার দীর্ঘদিনের আশঙ্কা ছিল কারা পরিস্থিতি ঘিরে। “কারাগারে স্লো পয়জন দেওয়া হয়”—এ দাবি তুলে তিনি জানান, এ বিষয়ে তিনি সবসময়ই সতর্ক থাকতেন। তার বক্তব্যে উঠে আসে ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিকের কথাও। আব্বাসের দাবি, ওই সাংবাদিক তাকে বলেছিলেন যে খালেদা জিয়া নাকি দুই বছরও বাঁচবেন না এবং পুরো বিষয়টাই ‘ডিজাইন করে রাখা’। পরিকল্পনাটি ছিল এমনভাবে সাজানো যাতে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। তবে তিনি বলেন, “আল্লাহর রহমতে এখনো তিনি বেঁচে আছেন।” এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
মির্জা আব্বাস আরও জানান, শুক্রবার (২৮ নভেম্বর) রাত একটার দিকে তিনি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। সর্বশেষ খবরে তিনি আগের তুলনায় কিছুটা ভালো আছেন বলেও মন্তব্য করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আব্বাস বলেন, দেশের বাইরে বসে কিছু মহল চক্রান্ত করছে। বহু বছর দেশ দখলে রেখে তারা দেশকে ‘শেষ করে দিয়েছে’ মন্তব্য করে তিনি আরও বলেন, এখন তারা বিদেশে বসে বলছে—আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। আব্বাস প্রশ্ন তোলেন, “তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেনি?” তার দাবি, বাংলাদেশে নির্বাচন হবেই এবং তা হবেই আগামী ফেব্রুয়ারিতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা–২০২৫ প্রদর্শনীর আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।
রূপসী বাংলা–২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতায় চট্টগ্রামের এম হায়দার আলী প্রথম, ঢাকার শামসুল হক রিপন দ্বিতীয় এবং চট্টগ্রামের এম রাশেদ তৃতীয় স্থান অর্জন করেন।