খালেদা জিয়ার স্মরণে বরুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আনজার শাহ: 

কুমিল্লার বরুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বরুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা ৩টায় বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী আজ্জমের বাড়িতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার এবং সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। এছাড়া বরুড়া উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নবী নেওয়াজ, সহ-সভাপতি মো. আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসেন ও মো. খোরশেদ আলম তারেক।
ছাত্রদল ও যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মানিক মীর, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাফিন আহমেদ, পৌরসভা ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত হোসেন সাদ্দাম এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ।
মাহফিলে বক্তারা প্রয়াত বিএনপি চেয়ারপার্সনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিএনপি নেতা জনাব সেলিম বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেত্রী। তার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তার আদর্শ ও মূল্যবোধ দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, তার দেখানো পথে চলে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে একজন ইমাম কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে প্রয়াত নেত্রীর রুহের শান্তি কামনা করেন।
মাহফিল শেষে উপস্থিত সবাই খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, আগামী দিনগুলোতেও তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *