মনজুর আলম:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ ২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—খুটাখালী ইউনিয়নের আবু তাহেরের পুত্র মুহিত উদ্দিন সাগর (৩২) এবং একই এলাকার মোহাম্মদ জোহরের পুত্র মোহাম্মদ ওসমান (১৮)। তারা জীবিকার সন্ধানে সোলতান কোম্পানির রাইস মিলের পাশে একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ চলাকালে হঠাৎ ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, খুটাখালী বাজারে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ লাইন ঝুলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সেখানে কাজ করানো হচ্ছিল বলে তারা উল্লেখ করেন। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর খুটাখালী বাজারে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারে চলছে গভীর মাতম।