মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উদ্বুদ্ধকরণ সভায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজি মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, এদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। তবে গত ৫৫ বছরে এই আন্দোলনের সুফল জনগণ সম্পূর্ণভাবে ভোগ করতে পারেনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এদেশের ছাত্র সমাজ। কিন্তু স্বৈরাচার পতনের পরও আমাদের গণতন্ত্র বারবার হোচট খাচ্ছে।” অতিরিক্ত সচিব আরও উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। নির্বাচনে দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবে।
তিনি বলেন, “এই নির্বাচন এমন একটি নির্বাচন হবে যা একশ বছর পরও মানুষ মনে রাখবে। এটি মানুষের জন্য একটি নতুন সংবিধান তৈরির সুযোগ এনে দেবে। সংবিধান কার্যকর হলে এর সুফল যুগ যুগ ধরে এদেশের মানুষ ভোগ করবে।”
সচিব বিশেষভাবে সদর উপজেলার ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, “আপনারা সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করুন। আমাদের হাতে একটি বিরল সুযোগ এসেছে যা বারবার আসে না। যেমনটি আমরা ১৯৯০ সালে পেয়েছিলাম, এবারও দীর্ঘ কয়েক বছর পর এমন সুযোগ এসেছে। আগামী একশ বছর পরে হয়তো আবার এমন সুযোগ নাও আসতে পারে।” তিনি প্রশাসনকে বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
সভা জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্র মন্ডলসহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তা।
অতিরিক্ত সচিব আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন হবে উৎসবমুখর এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ নিশ্চিত করবে। তিনি বলেন, “এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সকল ভোটার যেন অংশগ্রহণ করে দেশের জন্য একটি সুদৃঢ় ও স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করেন।”