গুলিস্তানে প্রকাশ্যে মাদক বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে প্রকাশ্যেই মাদক বিক্রি শুরু করেছে, যা দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

অভিযোগ অনুযায়ী, পল্টন থানাধীন গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে, পাতাল মার্কেটের গেটসংলগ্ন এলাকায় দিন-রাত প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। সাধারণ মানুষের চোখের সামনেই এসব অবৈধ কর্মকাণ্ড ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এই মাদকচক্রের মূল হোতারা সবসময়ই আড়ালে থাকে। কেউ কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গুলিস্তান এলাকায় বর্তমানে রাজনৈতিক দলের নেতা পরিচয়ে মাদক ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া গেছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এসব বিষয়ে আগামী পর্বে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানা গেছে।

৫ আগস্টের আগে এই এলাকায় আলী ও আকবর নামে দুই মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করত। তবে ৫ আগস্টের পর আলীকে এলাকা থেকে বিতাড়িত করে একদল রাজনৈতিক দলের কর্মী ওই মাদক বিক্রির স্থান দখল করে নেয়। তারা প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। এলাকাবাসীর প্রশ্ন—এটা কি সত্যিই একটি সভ্য দেশের চিত্র?

এদিকে গুলিস্তান ইউনিট বিএনপির অফিস সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে মাদক ব্যবসায়ীদের একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে, যা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“আমরা প্রায়ই ওই এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে নজরদারির জন্য আহাদ বক্সের ইনচার্জ তন্ময়কে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তবে স্থানীয়দের অভিযোগ, আহাদ বক্সের ইনচার্জ তন্ময় এ বিষয়ে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখছেন না, যার সুযোগে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী দ্রুত কঠোর অভিযান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *