নাছিমা খাতুন সুলতানা:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ আবুল কাশেমের দাপটে গ্রামের নিরীহ বাসিন্দা মোঃ সেলিম চৌধুরী অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল প্রায় ১০টার দিকে আবুল কাশেম তার বাহিনী নিয়ে একই গ্রামের মৃত ফজলে আলী চৌধুরীর ছেলে মোঃ সেলিম চৌধুরীসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় নারীসহ অন্তত তিনজন আহত হন।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, এ সুযোগে আবুল কাশেম বাহিনীর সদস্যরা আহত সেলিম চৌধুরীর বসতঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি নিয়ে পুরো গ্রাম ও এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় তারা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
জানা যায়, সেলিম চৌধুরী বাদী হয়ে আদালতে আবুল কাশেম গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন আদালতে বিচার চলার পর ওই মামলায় সেলিম চৌধুরীর পক্ষে ৩-৪ বার ডিগ্রি হয় বলে দাবি করা হয়েছে। এর জের ধরেই আবুল কাশেম পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর সেলিম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোঃ আবুল কাশেমসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভুক্তভোগী সেলিম চৌধুরীর অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য তাকে পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তার কোনো ভাই বা ছেলে সন্তান না থাকায় এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ বারবার হুমকি দিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সেলিম চৌধুরীর পরিবার ও এলাকার সচেতন মহল।
প্রকাশ থাকে যে, উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
**(চলবে)**